রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার নির্ধারিত ফিসের বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের বৈকালীন চিকিৎসা সেবার শুভ সূচনা পর গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়। প্রথম দিনেই রোগীদের উপস্থিতি লক্ষ করা যায়। চিকিৎসকরা এই কার্যক্রমের বেশ সারা পাওয়ার আশাবাদ ব্যক্ত করে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোঃ শফিউর রহমান, সিভিল সার্জন (ময়মনসিংহ) ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.মোহাম্মদ মাইন উদ্দিন খান মানিক, ডা. জিল্লুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।
প্রথম দিনে গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. উম্মেল ওয়ারা খান চৌধুরী,মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কায়সার হাসান খান চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা একজন রোগী সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আসমা বেগম (৬০) প্রতিবেদক কে বলেন, চিকিৎসা সেবা জনগণের দোর গোড়ায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। আমরা সরকারের এই উদ্যোগে খুব খুশী।
তিনি আরও বলেন,এই স্বাস্থ্য সেবা অব্যাহত রেখে আরও বৃদ্ধি করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক বৈকালীন বহিঃবিভাগে চিকিৎসা সেবার শুভ উদ্বোধন স্বাস্থ্য বিভাগের জনস্বাস্থ্য সেবার একটি মাইল ফলক।এর মাধ্যমে প্রান্তিক জনগণ সরকার নির্ধারিত ফিসের বিনিময়ে চিকিৎসা সেবা ও পরীক্ষা নিরীক্ষা করতে পারবে।