রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দক্ষিণ গফরগাঁও উপজেলার উন্নয়নের পক্ষে দক্ষিণের প্রাণকেন্দ্র কান্দিপাড়ার কাছে গেজেটভুক্ত জে.এল. নং ১৪৩, নয়াবাড়ি মৌজায় ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা কমপ্লেক্স’ দ্রুত স্থাপন এবং ষড়যন্ত্রমূলক রিটকারী ফ্যাসিস্ট, সুপ্ত,গুপ্তদের বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৯ জুলাই) বিকেলে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মশাখালী ইউনিয়নের মুখী স্কুল বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাইথল ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মোঃ ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আনসার উদ্দিন, মনিরুল ইসলাম চমক ফকির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, পাগলা থানা জাসাসের আহবায়ক মোঃ নাসির উদ্দিন, ফেরদৌস আলমসহ আরো অনেকেই প্রমূখ।
বক্তারা বলেন, দক্ষিণ গফরগাঁও উপজেলার উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা নবগঠিত উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে
স্কুল বাজারসহ আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে।
####