জাহাঙ্গীর আলম,হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
আগামী ৫ আগস্ট -২০২৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসটি উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৯ জুলাই ) হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
সভায় গৃহীত প্রস্তাবনার মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, র্যালি, শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলার সাথে উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান, এলজিইডির উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদসহ জুলাই বীর যোদ্ধা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।