রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উলামায়ে কেরামগণ বলেছেন, সমাজ ও রাষ্ট্রকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে উলামায়ে কেরামকে আরও সক্রিয়, সমন্বিত ও যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, আমরা মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ ঘটিকায় গফরগাঁও কওমি ফোরাম-এর উদ্যোগে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে তাশরিফ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত “মাদক প্রতিরোধে উলামায়ে কেরামের করণীয়” শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে বক্তারা বলেন, তরুণ সমাজকে ঐ করাল গ্রাস থেকে রক্ষা করতে মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। জুমার খুতবা, ওয়াজ-মাহফিল, মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মাদকবিরোধী আলোচনা, নৈতিক শিক্ষা এবং পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি প্রতিটি এলাকায় মসজিদভিত্তিক কমিউনিটি সেন্টার গড়ে তুলে তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা, এর কারণ ও বিস্তারের ধরণ নিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রণয়ন এবং প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, তরুণদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা জোরদার এবং সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ী মুফতি জহিরুল ইসলাম উসমানী, শাইখুল হাদিস মুফতি আব্দুর রহমান নাঈম, ঢাকার জামিয়াতুল আবরারের মুহাদ্দিস মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি ইমরান হোসাইন আজাদ, মুহাদ্দিস খালেদ সাইফুল্লাহ, গফরগাঁও হেল্পলাইনের অর্থ সম্পাদক মাওলানা ইয়াসিন সাবেত, গফরগাঁও কওমি ফোরামের হাফেজ ফরিদ আহমাদ, তানভীর মাহমুদ, ইলিয়াস আহমাদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল, আলেম-উলামা, ইমাম, খতিবগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গফরগাঁও কওমি ফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর জোনায়েদ ইবনে নাসিম।
সেমিনারের শেষে দেশ, জাতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
#####