কাদায় আর গর্তে অচল ভালুকার বনগাঁও-হাতীবেড় সংযোগ সড়ক: চরম দুর্ভোগে পথচারী

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর উথুরা ইউনিয়নের ৪ নম্বর বনগাঁও ওয়ার্ডের মাহার বাজার থেকে বনগাঁও ও হাতীবেড় গ্রাম হয়ে চাঁন্দের বাজার সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ও ১০–১২ ফুট প্রশস্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে কাদা, গর্ত ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদার সাগরে পরিণত হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল প্রায়ই কাদায় আটকে পড়ে। পথচারীদেরও কাদা মাড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয় ব্যবসায়ী আবু সুফিয়ান জানান, এ সড়কটি বনগাঁও ও হাতীবেড়—দুইটি গ্রামের পাশাপাশি মাহার বাজার ও চাঁন্দের বাজারকে সংযুক্ত করেছে। প্রতিদিন শত শত মানুষ এই পথ ব্যবহার করে মাহার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াত করেন। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে এবং ব্যবসায়ীরা পণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!