‎হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

শেয়ার করুন :

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)।।

কিশোরগঞ্জের হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রাফি (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ‎রোববার (১২ জুলাই) বিকেল ৫ টার দিকে পৌর সদরের উপজেলা কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটেছে। আহত রাফি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। ‎আহত শিক্ষার্থী জানান, বাড়ি দূরে হওয়ায় একদল কিশোর গ্যাং সদস্য প্রায়ই তার কাছে টাকা দাবি করত। রোববার অর্ধ-বার্ষিক গণিত পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তারা তার কাছে টাকা চায়। টাকা দিতে না পারলে তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার পেট ও হাতে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ‎হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো বলেন, আহত শিক্ষার্থীর পেটে গভীর ক্ষত ছিল। হাসপাতালে আনার পর তার পেটে একাধিক সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!