মোঃ জাকির হোসেন।।
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার মাছের আড়তে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই ) সকালে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ প্রজাতির আফ্রিকান মাগুর মাছ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আদায় করা হয় এবং উদ্ধারকৃত প্রায় ৫০ কেজি মাছ জব্দ করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। তিনি জানান, পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ প্রজাতির মাছের উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিষিদ্ধ প্রজাতির মাছ বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্রেতাদেরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে অবৈধভাবে বাজারজাত হওয়া এসব মাছের বাণিজ্য নিরুৎসাহিত হয়।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে বাজারে নিষিদ্ধ মাছ বিক্রি বন্ধ করা সম্ভব হবে এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।