রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে)।
রোববার (১০ মে) সকালে ইউএনও অফিস সংলগ্ন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে) কার্যালয়ে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ।
সকাল নয়টার দিকে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে) এর সহকারী কর্মসূচী ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা। এ সময় শাখা ব্যবস্থাপক আঃ রাজ্জাক উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কার্যক্রমে চিকিৎসা সেবা দেন ডাঃ মিনহাজুল ইসলাম (মেডিসিন), ডাঃ চন্দন কুমার দেবনাথ (চক্ষু) ও ডাঃ জাহাঙ্গীর আলম (শিশু) সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
এতে নারী-শিশু চোখের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল। চোখ পরীক্ষার পর তাদের ফ্রিতে চশমাও দেয়া হয়েছে। সকলকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক ব্যবস্থাপত্র দেয়ার পর বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
এ বিষয়ে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে) এর সহকারী কর্মসূচী ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা বলেন, উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে উপজেলার সদরসহ বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন রোগের আক্রান্ত অন্তত ৪ শতাধিক গরীব, দুঃস্থ নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএসকে) ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
####