আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মাহার বাজার থেকে বনগাঁও ও হাতীবেড় গ্রামের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন ছোট ছোট শিশু ও শিক্ষার্থীসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ এবং কয়েকটি বাজারের লোকজন চলাচল করেন।
একসময় সড়কটি দিয়ে অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও বর্তমানে সড়কের এমন দুরবস্থা হয়েছে যে, স্বাভাবিকভাবে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। খানাখন্দে ভরা ও নাজুক সড়কের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও শিশুদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা হলেও সংস্কারের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। যেন এই গুরুত্বপূর্ণ সড়কটি দেখার কেউ নেই।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।