বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুসের গফরগাঁওয়ের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা,
ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতি সন্তান ও জন্মেজয় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুসকে (৭৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সদরে হেনা মসজিদ সংলগ্ন জন্মেজয় ঈদগাহ মাঠে মরহুমের মরদেহ নিয়ে আসা হয়। এরপর গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আসম আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। পরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা দক্ষিণ বিএনপির সদস্য ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফজলুল হক, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে জন্মেজয় গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

এর আগে শনিবার দুপুর ২ টা ২৫ মিনিটে স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।

অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস মহান মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও হাসপাতাল (পিজি হাসপাতালের) চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে ময়মনসিংহ -১০ গফরগাঁও -পাগলা আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!