স্টাফ রিপোর্টার দিগন্তবার্তা ডটকম।।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ১১ বারের মতো “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে সম্মাননা লাভ করেছেন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা। তাঁর এই অনন্য অর্জন শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের দক্ষ নেতৃত্ব ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ বিভাগে ১ বার, ময়মনসিংহ জেলায় ২ বার এবং ভালুকা উপজেলায় ১১ বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন—যা সত্যিই বিরল সম্মাননা।
আজ ১৭ এপ্রিল (শুক্রবার) ভালুকা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বলেন, “আজকের এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। শিক্ষার্থীদের সাফল্যই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, সহপাঠ কার্যক্রমেও অসাধারণ সাফল্য অর্জন করছে। খেলাধুলার বিভিন্ন ইভেন্টে তারা নিয়মিতভাবে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করছে। অনেক ক্ষেত্রে জাতীয় পর্যায়েও পুরস্কার অর্জন করছে। স্কাউটিংয়েও তারা অত্যন্ত সফল—প্রতি বছরই বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক ‘প্রেসিডেন্ট’স স্কাউট’ অর্জন করছে।”
নিজের এই সাফল্যের কৃতিত্ব সবার সঙ্গে ভাগ করে নিয়ে তিনি বলেন, “এই অর্জন আমার একার নয়—বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ম্যানেজিং কমিটির আন্তরিক সহযোগিতা এবং শিক্ষা-বান্ধব মনোভাব বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও যোগ করেন, “বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের নিরলস সহযোগিতায় প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে এবং একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।”