স্টাফ রিপোর্টার দিগন্তবার্তা ডটকম।।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় আবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ভালুকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা।
উপজেলার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি ৮ম বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান শেখ খাইরুল বাশার ৭ম বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের হাতে সম্মাননা তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রভাষক মাহবুবুর রহমান এবং এ্যাপোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ শামসুর রহমান লিটনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, ভালুকা উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মুজাহিদুর রহমান খান সোহেল এবং মাধ্যমিক শিক্ষক সমিতি, ভালুকা উপজেলা শাখার সভাপতি নাজমুল আলম।
ধারাবাহিক সাফল্য প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সুপার শেখ খাইরুল বাশার বলেন, “এই অর্জন একান্তই আমাদের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সবাই আন্তরিকভাবে কাজ করায় আমরা বারবার এ সম্মাননা অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও শিক্ষা ও নৈতিকতা বিকাশে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।”