ভালুকায় বনকর্মকর্তাকে পিটিয়ে হত্যা চেষ্টা, মামলা থেকে বাঁচতে মানববন্ধনের অভিযোগ

শেয়ার করুন :

ভালুকা প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে একটি পক্ষ মানববন্ধনের আয়োজন করেছে।

জানা যায়, উপজেলার মেহেরাবাড়ী এলাকার বিট অফিসার মুশফিকুর রহমান মানিককে স্থানীয় শাকিল ঢালী গং লোহার রড দিয়ে পিটিয়ে মারধর করে এবং হাত পা ভেঙে দেয়া হয়। এ ঘটনায় আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভালুকা মডেল থানা ওই অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

অভিযোগ রয়েছে, মামলার আসামিরা আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি পেতে এবং উচ্চ আদালত থেকে সহজে জামিন লাভের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মানববন্ধনের আয়োজন করেছে। স্থানীয়দের একাংশ দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।


এ বিষয়ে বিট অফিসার মুশফিকুর রহমান মানিক জানান, তার ওপর হামলার ঘটনা সত্য এবং এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি মহল মিথ্যা তথ্য প্রচার করে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।

ওই ঘটনায় মুশফিকুর রহমান মানিক বাদি হয়ে অভিযুক্ত শাকিল ঢালীকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২৮ থেকে ৩৪ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন।

এব্যাপারে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ ও আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *