সৌদি আরবের মিসাইল হামলায় আহত গফরগাঁওয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের
মিসাইল হামলায় গুরুতর আহত আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত প্রবাসী যুবকের বাড়ি গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে। তার পিতা শহীদ সওদাগর আজ বুধবার (১৮ মার্চ) সকালে তার ছেলের মৃত্যুর বিষয়টি সংবাদ কর্মীদের নিশ্চিত করেছেন।
এ সময় তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ, রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে আবদুল্লাহ আল মামুনসহ বেশ কয়েকজন বাংলাদেশি গুরুতর আহত হন। বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সে মারা যান। বর্তমানে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বজনরা জানান, নিহত আবদুল্লাহ আল মামুনের স্ত্রী ও পুত্র সন্তান রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, একই মিসাইল হামলার ঘটনায় এর আগে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নামে আরও দুই বাংলাদেশি নিহত হয়েছিলেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *