মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক সাবাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সাবাস দীর্ঘদিন ধরে মহানগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সরিয়ে দিয়ে সরকার প্রশাসক বসিয়েছে।
এর আগে ২০২৪ সালের অক্টোবরেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন সাবাস। সে সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে ও ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে হত্যা, জমি দখল, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছিল।
পুলিশের দাবি, বিভিন্ন সময় তার বিরুদ্ধে সহিংসতা, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠে এবং এসব ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল।
গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।