প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২১, ২০২৩ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পিডিবি কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎষ্পৃষ্টে তানজিদ শেখ (৪২) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব গ্রামে। নিহত তানজিদ শেখ পৌরসভার খারুয়ালী গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি পিডিবি অফিসের কর্মচারী না হয়েও অফিসের লোকজনের সাথে বিদ্যুতের কাজ করতেন।
ঘটনার সময় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড খালারমোড় এলাকার পিডিবি’র ট্রান্সফর্মারের একটি ফিউজ নষ্ট হয়ে গেলে স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ করা হয়। পরে সোমবার সকাল সাড়ে ১০টার সময় বিদ্যুতের লাইনম্যান নূরুন্নবী তানজিদকে সাথে নিয়ে ট্রান্সফর্মারের ফিউজটি মেরামত করতে যান। লাইনম্যান নূরুন্নবী নিচে অবস্থান করে তানজিদকে ফিউজ মেরামত করতে উপরে তোলেন। ফিউজের এক অংশ লাগানোর পর অপর অংশ লাগানোর সময় বিদ্যুতের লাইন চালু করে দিলে তানজিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে ছিটকে পড়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে বিদ্যুৎ অফিসের গাড়িতে তুলে ভালুকা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের ছোট ভাই ইমরান জানান, আমার ভাই বিদ্যুতের লাইনে কাজ করার সময় অফিসের স্টাফেরা শত্রæতা মূলকভাবে লাইন চালু করে দেয়ায় তার ভাই মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর জন্য তিনি পিডিবি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলাকে দায়ি করেন।
ভালুকা পিডিবির নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান জানান, কাজ করার সময় লাইন বন্ধ ছিলো। বন্ধ লাইন কিভাবে চালু হলো বিষয়টি খতিয়ে দেখছি।

