রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাঁহ মাঠে গত শুক্রবার বিকালে ৮১ বছর ঈমামতি করায় এলাকাবাসীর বিরল সম্মানে ভূষিত হলেন ১০১ বছর বয়সী ঈমাম মাওলানা নূরুল ইসলাম। প্রিয় ঈমামকে সম্মান জানাতে পেরে খুশি এলাকাবাসীও। সম্মান পেয়ে আবেগে আপ্লূত বয়োজ্যেষ্ঠ এই ঈমাম।
জানা যায়, ৮১ বছর যাবত গফরগাঁও উপজেলার নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাঁ মাঠে ঈমামতি করেন মাওলানা নূরুল ইসলাম। দীর্ঘ ৮১ বছর ঈমামতি করতে যেয়ে ঐ ঈমামের সাথে এলাকার মানুষের আত্মার সম্পর্ক তৈরী হয়। স্থানীয় দিশারী নামের সামাজিক সংগঠনের আয়োজনে প্রিয় মানুষটিকে সংবর্ধনা দেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষজন। এসময় শতবর্ষী ঈমামকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৬ লক্ষ টাকা প্রদান করেন অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা, গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও নিগুয়ারী মধ্যপাড়া ঈদগাঁ মাঠের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
গুনী ব্যক্তিদের প্রতি এ সম্মাননা আগামী প্রজন্মকে আরো উৎসাহিত করবে বলে জানান আয়োজকরা।