রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওকে আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৪২৩টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের মাধ্যমে উপজেলাকে ‘ ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রাক্কালে উপজেলা প্রশাসনের আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে চারটি পর্যায়ে বিভিন্ন ধাপে আবাসনের মাধ্যমে ভূমিহীন ‘ক’ শ্রেণি ও গৃহহীন পরিবার মুক্ত উপজেলা ঘোষনার প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সুশীলসমাজ, সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এ যৌথ সভায় গফরগাঁও উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পাগলা থানার ওসি রাজু আহাম্মদ, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমূখ। এছাড়াও উপজেলা সকল কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন-সচিব , পৌরসভার কাউন্সিলরগন , রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীলসমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমান বলেন, দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষে ২০১৯ সাল থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর; সাথে বিদ্যুৎ সংযোগসহ পানির ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার ২০০টি, দ্বিতীয় পর্যায়ে ৭০টি, ৩য় পর্যায়ে ১ম ধাপে ৪০টি, ২য় ধাপে ১৫টি, চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ১০টি, ২য় ধাপে ৪০টি, ৩য় ধাপে ৪৮টি সহ মোট ৪২৩টি পরিবার মুজিব শতবর্ষের এই সুবিধা পেয়েছেন।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের ঘর প্রদানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলো। যা পৃথিবীর কোন দেশের রাষ্ট্র প্রধান এ ধরনের মহৎ উদ্যোগ নেয়নি।