রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গফরগাঁওয়ের সকল ভক্তবৃন্দ আয়োজনে গত ১৬ ডিসেম্বর, শুক্রবার রাত থেকে গফরগাঁও পৌরশহরের ষ্টেশন রোডে সাহাবাড়ী প্রাঙ্গণে সপ্তাহ ব্যাপী বিশ^ শান্তি কল্পে ও দেশমাতৃকার শুভ কল্যাণে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্ত্তন আয়োজন করে। অনুষ্ঠান শুরুতেই শুক্রবার রাত ৮ টায় শ্রীমদ্ভাগবত পাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্ত্তন। অধিবাস কীর্ত্তন ও কুঞ্জ সেবায় ছিলেন জামালপুর জেলায় ইসলামপুরের শ্রীমৎ হরিদাস গোস্বামী। শনিবার অরুণোদয় হইতে সোমবার অহোরাত্র পর্যন্ত ২৪ প্রহর ব্যাপি মহানামযজ্ঞ ও সংকীর্ত্তন। মঙ্গলবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন। বুধবার কুঞ্জভঙ্গ, ভোগরাগ, দধিমঙ্গল, মহন্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণ এর মাধ্যমে সমাপ্তি হবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন শ্রী মৃদুল সাহা চৌধুরী, শ্রী গণেশ বণিক, শ্রী রনি গৌর, শ্রী শিপুল ঘোষ ও শ্রী অনিক সাহা চৌধুরী। প্রতিদিন প্রচুর ভক্ত অনুষ্ঠানস্থলে এসে যোগ দিচ্ছেন।
সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে গফরগাঁও উপজেলা শাখার হিন্দু, বৌদ্ধ ও খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন ঘোষ সকল পাঠক, পরিচালনাকারী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হিন্দু, বৌদ্ধ ও খিষ্ট্রান ঐক্য পরিষদের পক্ষ থেকে আহবান জানিয়েছেন।