স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ময়মনসিংহের ভালুকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্যবিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। ওজনে কম দেয়াসহ মাইকিং না করে পণ্যবিক্রির কারণে ক্রেতার অনুপস্থিতির অবশিষ্ট মালামাল অন্যত্র বিক্রির অভিযোগ রয়েছে।
গত রোববার বিকেলে উপজেলার চানঁপুর বাজারে টিসিবির পণ্য বিক্রির সময় স্থানীয়রা অভিযোগ করেন, আগে দুই কেজি চিনি দেয়া হলেও, বর্তমানে এক কেজি করে চিনি দেয়া হচ্ছে। এমনকি চিনি ওজনে কম দেয়া হচ্ছে। এ সময় ডিলারের ঘরে উপস্থিত ক্রেতাদের সামনে তিনটি চিনির প্যাকেট ওজন দেয়া হলে দু’টিতে ৯৮৫ ও ৯৮৬ গ্রাম চিনি পাওয়া যায়। তাছাড়া বাইরে একটি একটি মিষ্টির দোকানে মোস্তফা কামাল নামে এক ক্রেতার চিনি ওজন দেয়া হলে ৯৭৬ গ্রাম পাওয়া যায়। এ সময় শহিদা আক্তার জানান, গত দুই তারিখে বিক্রির খবর না পাওয়ায় পণ্য ক্রয় করতে আসেননি। এখন ওই পণ্য চাইতে গেলে ডিলার বলছেন, যারা আগে নেননি, তাদের পণ্য দেয়ার নিয়ম নেই।
এ ব্যাপারে ডিলার মাহমুদউল্যাহ ওজনে কমের বিষয়টি স্বীকার করে বলেন, চানঁপুর এলাকায় মোট কার্ডধারী রয়েছেন, এক হাজার ৫১ জন। যারা সময়মতো উপস্থিত হতে পারেননি, তাদের পণ্য এনআইডি কার্ড রেখে স্থানীয়দের উপস্থিতিতে বিক্রি করা হয়ে থাকে। এক প্রশ্নে তিনি বলেন, দু’একটা প্যাকেটে ওজনে পণ্য কম থাকতে পারে। কারণ গোডাউন থেকেই কম দেয়া হয়ে থাকে।
চানঁপুর বাজারে টিসিবির তদারকি কর্মকর্তা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্যাহ আল মাসুদ জানান, চিনি এক কেজি ৫৫ টাকা, ডাল দুই কেজি ১৩০ টাকা ও সয়াবিন তেল দুই কেজি ২২০ হিসেবে ৪০৫ টাকায় প্যাকেজ বিক্রি করা হয়েছে। ওজনে কম দেয়ার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে ডিলারকে বার বার সতর্ক করা হয়েছিলো।