চট্টগ্রামে সংবাদ সম্মেলন থেকে জঙ্গল সলিমপুরের ৯ জনকে আটক করল পুলিশ।

শেয়ার করুন :

এম এস মনির চট্টগ্রাম বিভাগীয় ব‍্যুরো প্রধান।।

চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে জঙ্গল সলিমপুরের ৯ বাসিন্দাকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টম্বর) দুপুর সাড়ে ৩টায় তাদের আটক করা হয়।
প্রেস ক্লাবের এস রহমান হলে দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করার কথা ছিলো তাদের। যদিও কর্তৃপক্ষ তাদের বুকিং বাতিল করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসনের  নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, দুই দিন আগে সলিমপুরের অধিবাসীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে রুম বুকিং করেছিল। পরে রিজারবেশন বাতিল করা হয়। এরপরে আজকে তারা প্রেস ক্লাবে অবস্থান নিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রেস ক্লাবে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। এছাড়াও সলিমপুর অধিবাসীরা একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলেছে। সেখানে আটক ৯ জন বিভিন্ন সময় সরকার বিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা বলতো।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির  বলেন, জেলা প্রশাসন ও পুলিশে যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে ভাড়া করা দুটি বাসে করে ঢাকা যাওয়ার পথে ৬৩ বাসিন্দাকে সীতাকুণ্ড থানা এলাকা থেকে আটক করা হয়। এরমধ্যে ২২ জনকে অপরাধী হিসেবে শনাক্ত করে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাকিদের অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার প্রায় ৩ হাজার একর খাস জায়গা অবৈধ দখলমুক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসন কাজ শুরু করেছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানের নেতৃত্বে গত কয়েকদিন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে যাচ্ছে জেলা প্রশাসন। এ অভিযানের প্রতিবাদে অবৈধভাবে বসবাসকারী লোকজন বিভিন্ন ভাবে প্রতিবাদ করার চেষ্টায় রয়েছে। মূলত জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে এক ধরনের প্লট বানিজ‍্যের সিন্ডিকেট গড়ে তোলে কিছু সন্ত্রাসী বাহিনী। যারা অবৈধ অর্থের বিনিময়ে সাধারণ মানুষের কাছে সরকারি এসব জায়গা প্লট আকারে বিক্রি করে।
জেলা প্রশাসক জানায় সরকারি এসব খাসজমি উদ্ধার অভিযান অব‍্যাহত থাকবে। এতে কোন বাধার সম্মুখীন হলে তা প্রশাসনিক ভাবে ব‍্যবস্হা নেয়া হবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *