
চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে জঙ্গল সলিমপুরের ৯ বাসিন্দাকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টম্বর) দুপুর সাড়ে ৩টায় তাদের আটক করা হয়।
প্রেস ক্লাবের এস রহমান হলে দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করার কথা ছিলো তাদের। যদিও কর্তৃপক্ষ তাদের বুকিং বাতিল করে দেয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, দুই দিন আগে সলিমপুরের অধিবাসীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে রুম বুকিং করেছিল। পরে রিজারবেশন বাতিল করা হয়। এরপরে আজকে তারা প্রেস ক্লাবে অবস্থান নিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রেস ক্লাবে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে। এছাড়াও সলিমপুর অধিবাসীরা একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলেছে। সেখানে আটক ৯ জন বিভিন্ন সময় সরকার বিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা বলতো।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, জেলা প্রশাসন ও পুলিশে যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার রাত দেড়টার দিকে ভাড়া করা দুটি বাসে করে ঢাকা যাওয়ার পথে ৬৩ বাসিন্দাকে সীতাকুণ্ড থানা এলাকা থেকে আটক করা হয়। এরমধ্যে ২২ জনকে অপরাধী হিসেবে শনাক্ত করে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাকিদের অপরাধ কর্মকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় ছেড়ে দেওয়া হয়।