জুবায়ের আহমাদ তাশরীফের প্রথম লেখা নাশিদ “রওজার পাশে”

শেয়ার করুন :

।।মুহাম্মদুল্লাহ।।

খুব শীগ্রই রিলিজ হতে যাচ্ছে তরুণ ইসলামিক আলোচক ও নাশিদশিল্পী কারি জুবায়ের আহমাদ তাশরীফের নতুন নাশিদ “রওজার পাশে”। নাশিদটির অডিও রেকর্ড ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার ভিডিও রেকর্ডের পালা।

জুবায়ের আহমাদ তাশরীফ জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাওয়া এই নাশিদ তিনি নিজেই লিখেছেন। এটা তার প্রথম লেখা নাশিদ। এটি যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা। তাই এর ভিডিও ধারণও হবে নবীজির শহর মদিনাতে।

তাশরীফ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার প্রিয় মানুষ। তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস যেমন রয়েছে, তেমন রয়েছে অসম্ভব ভালোবাসাও। এই নাশিদে নবীজির প্রতি আমার ভালোবাসা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

তিনি বলেন, এর আগেও আমি মদিনা নিয়ে নাশিদ গেয়েছি। বিশেষ করে “ও মদিনার মাটি” শিরোনামের নাশিদটি আমার ফেসবুক পেইজ থেকেই এক কোটির বেশি মানুষ দেখেছে। এই নাশিদের জন্য মানুষের অনেক ভালোবাসাও পেয়েছি। এবার নবীজির শানে গাবো আমার নিজের লেখা নাশিদ ” রওজার পাশে”। তাও মদিনায় গিয়ে। অন্যরকম এক অনুভূতি কাজ করছে ভেতরে।

২২ বছর বয়সী কারি জুবায়ের আহমাদ তাশরীফ গাজীপুর শ্রীপুরের ছিটপাড়া গ্রামের মাওলানা হেদায়েতুল্লাহর সন্তান। তাশরীফ জানান, মা-বাবার স্বপ্ন ছিল, আমাকে হাফেজ আলেম বানাবেন। আমি তাদের স্বপ্ন পূরণের পথেই এগিয়ে চলছি।

জুবায়ের আহমাদ তাশরীফ পড়াশোনার পাশাপাশি ঢাকা তুরাগের মুহাম্মদিয়া জামে মসজিদে জুমার নামাজ পড়ান এবং সারাদেশে ওয়াজ মাহফিল করেন। সর্বকণিষ্ঠ ইসলামিক আলোচক হিসাবে মানুষের বাড়তি ভালোবাসা পান বলে জানিয়েছেন কারি জুবায়ের আহমাদ তাশরীফ।

তিনি ভক্তদের কাছে দুআ চেয়ে বলেন, আপনারা আমার জন্য মনখুলে দুআ করবেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে কাজ করে যেতে পারি এবং আমার মৃত্যু যেন দ্বীনের একজন দায়ী হিসাবে হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!