
ট্রানজিট পণ্য পরিবহনের চুক্তির আওতায় ভারতের পণ্য নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছেছে একটি জাহাজ।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি সমুদ্রবন্দর থেকে ‘ট্রান্স সমুদেরা’ জাহাজটি রাত ৮টায় মোট ১২৪ একক আমদানি পণ্য বোঝাই করে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে মাত্র একটি কনটেইনারে টিএমটি বার আছে। এগুলো এসেছে ট্রানজিট পণ্য হিসেবে। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে চালানটি নেমে, কনটেইনারটি সড়কপথে শ্যাওলা সিলেট হয়ে ভারতের সুতারকান্দি স্থলবন্দর হয়ে আসাম রাজ্যে পৌঁছবে। একই সঙ্গে আরেকটি চালান ভারতের ডাউকি থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে এই চালান কলকাতা পৌঁছানোর কথা। এ দুটি চালানের মাধ্যমে পাঁচটি রুট বা পথে ট্রানজিট পণ্য আনা-নেওয়া শেষ হবে।
ট্রান্স সমুদেরা জাহাজের শিপিং এজেন্ট ম্যাঙ্গো লাইনের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল সুজন ভূইয়া জানান, কলকাতা বন্দর থেকে মোট ১২৪ একক আমদানি পণ্য বোঝাই করে জাহাজটি আজ রাত ৮টায় চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এর মধ্যে একটি কনটেইনারে ট্রানজিট পণ্য আছে। বাকি কনটেইনারে পণ্যের আমদানিকারক বাংলাদেশি ব্যবসায়ী।
এরআগে ২০২০ সালের ২১ জুলাই ট্রান্সশিপমেন্টের প্রথম চালানটি কলকাতা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বাংলাদেশ-ভারত ট্রানজিট চুক্তির আওতায় আমদানি-রপ্তানি দুই ধরনের পণ্য উঠানামায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর। বন্দর কর্তৃপক্ষ প্রতিদিন গড়ে ১০ হাজার একক আমদানি-রপ্তানি-খালি কনটেইনার ওঠানামা করছে; ফলে ভারত থেকে আসা-যাওয়া করা ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট পণ্য অনায়াসেই এই বন্দরে ওঠানো-নামানো সম্ভব।