আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি নির্মানাধিন ফ্যাক্টরীর দ্বিতলার ছাদ থেকে নিচে পড়ে সামাদ আলী (৫৫) নামে এক স্টিল ফিটিংস হেলপারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাড়াগাঁও গ্রামে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গ্রামে অবস্থিত ইউনিভার্সেল ডেনিমস লিমিটেডের দ্বিতলার ওয়ালে স্টিল ফিটিংসের কাজ চলছিলো। এবিএস ইঞ্জনিয়ারস লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের সামাদ আলী হেলপার হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার বিকেলে কাজ করার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অসাবধানতাবসত তিনি দ্বিতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খোঁজ পেয়ে কোম্পানীর লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার সামাদ আলীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, নিহত সামাদ আলী শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার মোসলেম উদ্দিনের ছেলে। ৩০ বছর আগে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের বছির উদ্দিনের মেয়ে সালমা খাতুনকে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।
নিহত সামাদ আলীর মেয়ে জামাই আজগর আলী শুক্রবার (২৪ জুন) সকালে সংবাদ মাধ্যমকে জানান, তার শ^শুরের লাশটি এখনো ময়মনসিংহ মেডিক্যালে আছে। তিনি শুনেছেন, কোম্পানীর সাথে একটা মিলমিশ হয়েছে। তবে আর কিছু বলতে পারবেন না বলে জানান।
এবিএস ইঞ্জনিয়ারস লিমিটেডের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আতিকুর রহমান জানান, সেফটি বেল্ট ব্যবহার না করায় পা ফসকে সামাদ আলী নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে কোম্পানীর গাড়ি দিয়ে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীর প্রজেক্টের দায়িত্বে থাকা স্থানীয় মোরাদ হোসেন বিপ্লব জানান, কোম্পানীর পক্ষ থেকে নিহতের স্ত্রী ও ছেলেকে চাকরী দেয়া হচ্ছে এবং পরিবারকে আর্থিক সহযোগীতাও করা হবে।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা খাতুন বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশটি এখনো মর্গে রয়েছে।