মোঃ জাকির হোসেন।।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পয়ারী রোড, আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স নামীয় একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।
অভিযানে পাম্পটিতে অবৈধভাবে মজুদ রাখা ৪,৫০০ লিটার পেট্রোল ও ১৯,৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিক্রয়ের ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম।
জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কারসাজি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।