ময়মনসিংহে যুবককে গলা কেটে হত্যা, গ্রেফতার ৩

শেয়ার করুন :

স্টাফ রিপোর্টার,দিগন্তবার্তা ডটকম।।

ময়মনসিংহে মাদক কারবারের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত মূল তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—ময়মনহিংহ সদর উপজেলার অষ্টধার কুঠুরাকান্দা গ্রামের মো. আহাদ আলীর ছেলে মো. সজিব আলী (২০), অষ্টধার ভিটাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে নাজমুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মাহিন মিয়ার ছেলে শিহাব মিয়া ওরফে শিপন (১৬)।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত সুমন মিয়া একই গ্রামের আমছর আলীর ছেলে। পুলিশ জানায়, তারা সবাই নিয়মিত মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশের তদন্তে জানা যায়, সম্প্রতি মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সুমনের সঙ্গে সজিব আলীর হাতাহাতি ও বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সজিবসহ সহযোগীরা সুমনকে হত্যার পরিকল্পনা করে। গত ২৬ ফেব্রুয়ারি রাতে সুমনকে মোবাইল ফোনে ডেকে অষ্টধার সেনপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে সবাই মিলে গাঁজা সেবন করার সময় টাকার বিষয় নিয়ে পুনরায় কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সজিব ও তার সহযোগীরা ধারালো ছুরি দিয়ে সুমনের গলা, কপাল, ঘাড়, বুক ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে লাশটি সাহেব বাড়ির পাশে একটি ধানক্ষেতের সেচ নালায় ফেলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মামা মাহিন হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কিশোর শিহাব মিয়া ওরফে শিপনকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *