আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
গাজীপুরের শ্রীপুরে বনভোজনের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২’র চার কর্মকর্তাসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় তাদেরকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন- পল্লী বিদ্যুৎ মাওনা জোনাল অফিসের ডিজিএম খোন্দকার মাহামুদুল হাসান, ডিজিএম (কারিগরি) কমলেশ চন্দ্র বর্মণ, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, লাইন টেকনেশিয়ান মো. আবুল কাশেম, লাইন টেকনেশিয়ান মো. সাখাওয়াত হোসেন ও লাইনম্যান গ্রেড-১ মো. পাভেজ মিয়া। ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর জিএম মো. আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের ইসলামিক ইউনিভর্সিটি অব টেকনোলজির (আইইউটি) তৃতীয় বর্ষের ৪৬০ জন শিক্ষার্থী শনিবার সকালে ছয়টি দোতলা বাস ও তিনটি মাইক্রোবাস যোগে শ্রীপুরের উত্তর পোলাইদ এলাকার মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। এদিকে, শ্রীপুরের তেলেহাটি এলাকা অতিক্রম করার সময় বহরের পেছনে থাকা বাসটি পল্লী বিদ্যুতের তারের ষ্পর্শে বিদ্যুতায়িত হয়। এতে তিন শিক্ষার্থী মীর মোজাম্মেল (২৩), জোবায়ের আলম (২২) ও মুবতাছিন রহমার (২২) মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় শনিবার রাতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চার কর্মকর্তাসহসহ সাতজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনরেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন জানান, শ্রীপুরের দুর্ঘটনার প্রেক্ষিতে মাওনা অফিসের চার কর্মকর্তাসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের পর চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।