প্রকাশিত হয়েছেঃ মে ৭, ২০২৪ সময়ঃ ৬:৫৭ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় তীর কোম্পানীর সিলমোহর লাগানো ৪০০ বস্তা (২০ মেট্রিকটন) ভারতীয় চিনি, একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ মে) সকালে ভালুকা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এআর ফিলিং স্টেশনের পূর্ব পাশে তাদের গ্রেফতার ও চিনিগুলো জব্দ করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে।
থানা সূত্রে জানা যায়, চুরাই পথে আনা ৪০০ বস্তা ভারতীয় চিনি (মূল্য ২৮ লাখ টাকা) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-উ-১২-২২০০) গাজীপুরের মাওনা নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৪০০ বস্তা চিনি, কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালিখালি গ্রামের মনির হোসেনের ছেলে কাভার্ডভ্যানের চালক আবিদ হোসেন (২৩) ও তার সহযোগী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখি গ্রামের নিয়ামত আলীর ছেলে হেলপার আল আমীন (২৩)। ওই সময় নাঈম নামে অপর এক যুবক পালিয়ে যায়।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ির জামিরদিয়া আইডিয়াল মোড় এলাকা থেকে ৪০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হলেও স্থানীয়দের যোগসাজশে রহস্যজনক কারণে চিনিগুলো গাজীপুর জেলার মাওনা এলাকার নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ী নিয়ে যান বলে অভিযোগ উঠে। অপরদিকে ২৬ মার্চ মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়ি থেকে ২৪ বস্তা (৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ ও নাজমুলকে (২৫) গ্রেফতার করা হয়। তাছাড়া ৪ এপ্রিল ভালুকা উপজেলার চান্দের বাজার খোরশেদ মিয়ার স্টোর থেকে ফ্রেশ ও তীর কোম্পানীর সিলমোহর লাগানো ১৪০ বস্তা (৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় দোকান মালিক খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও দুইজনকে গ্রেফার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com