আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দিনদুপুরে অভিনব কায়দায় জুয়েলারী দোকানের সার্টার খোলে কমপক্ষে বিশ ভরি সোনা ও ১০০ ভরি রূপা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার (১০ জানুয়ারী) দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারের আঙ্গারগাড়া সড়কে শ্রী রতন কর্মকারের হৃদয় এন্ড সুজয় জুয়েলার্সে ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় একাধিক ব্যক্তি ও ক্ষতিগ্রস্থ জুয়েলারী দোকান মালিক সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের রতন চন্দ্র কর্মকার পাশের বাটাজোর বাজারে হৃদয় এন্ড সুজয় নামের জুয়েলারী দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। ঘটনারদিন গত বুধবার (১০ জানুয়ারী) দুপুরে তিনি দোকান তালাবদ্ধ করে খাবার খেতে বাজারের বাসায় যান। এ সুযোগে একদল দুর্বৃত্ত অভিনব কৌশলে সার্টার খোলে ওই দোকান থেকে কমপক্ষে বিশ ভরি সোনা ও ১০০ ভরি রূপা লুট করে নিয়ে যায়। লুটে নেয়া সোনা-রূপার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
দোকান মালিক রতন চন্দ্র কর্মকার জানান, ব্যবসা করার জন্যে তিনি বেসরকারী এনজিও সংস্থা ব্রাক, গ্রামীণ ব্যাংক ও সোসাইটি নামের তিনটি প্রতিষ্ঠান থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়েছেন। দুর্বৃত্তরা দিনদুপুরে অভিনব কায়দায় সার্টার খোলে তার দোকান থেকে কমপক্ষে বিশ ভরি সোনা ও ১০০ ভরি রূপা লুট করে নিয়ে গেছে। ওই ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।