রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আওয়ামী লীগ সরকার কওমি সনদের স্বিকৃতি দিয়েছে, সারা দেশে মডেল মসজিদ নির্মান করে বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। এর আগে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোন সরকার আলেম ওলামাদের জন্য কোন কিছুই করেনি। নির্বাচন আসলে জামায়াত বিএনপি মানুষকে ধর্মের দোহাই দিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। আপনাদের সতর্ক থাকতে হবে কোন গুজবে কান দিবেন না। আপনারা যারা মসজিদের ইমাম আছেন তাদের দায়িত্ব সঠিক তথ্য মুসল্লিদেরকে দেওয়া। আগামী নির্বাচনে আপনাদের সাথে একত্রে কাজ করে এই আসনে আওয়ামী লীগের বিজয়ের ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই।
কথা গুলো বলছিলেন ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন,খতমে কোরআন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ, গফরগাঁও ওলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদুল হাসান সালমানী, সহ সাধারণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম, মাওঃ হাদিউল ইসলাম, মডেল মসজিদের ইমাম আব্দুল রহমান গাফফারী, নতুন বাজার সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতি জালাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ৫ শতাধিক ইমাম।
অনুষ্ঠান সঞ্চালনা করে গফরগাঁও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ ইমদাদুল হক।