রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়। আজ রোববার (২ জুলাই) উপজেলার সদরে মধ্য বাজার, নতুন বাজার, গয়েশপুর বাজার, দত্তের বাজার, কান্দিপাড়া বাজার, পাগলা বাজার, গাভীশিমুল বাজার, পাঁচবাগ বাজার ও শিবগঞ্জ বাজারসহ বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।
কোরবানি ঈদের আগে হাট বাজারে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ৪০০ টাকা। ঈদের দু্ই দিন পর সেই কাঁচা মরিচের দাম এখন প্রতি কেজি ৫৫০ টাকা।
দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা উচ্চ মুল্যে কাঁচা মরিচ কিনতে হিমশিম খাচ্ছে। অনেকের কাঁচা মরিচ কেনার সামর্থ না থাকায় শুকনো মরিচ বা মরিচ গুঁড়া তরি তরকারিতে ব্যবহার করছে। কি কারণে হঠাৎ করে গফরগাঁও উপজেলার প্রতিটি হাট-বাজারে কাঁচা মরিচের দাম রাতারাতি বৃদ্ধি পেল তার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যাচ্ছে না।
বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, বাজারে কাঁচা মরিচের যে চাহিদা সে পরিমাণ আমদানি হচ্ছে না। বর্ষার সময় প্রতি বছরই মরিচের দাম হুটহাট বৃদ্ধি পায়। বৃষ্টি বেশি হলে মরিচে পচন ধরে নষ্ট হয়। এসব কারণে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ায় তাদের কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায় ক্রয় করতে হচ্ছে।
মধ্য বাজার ব্যবসায়ী শফিকুল বলেন, কোরবানি ঈদের আগে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রয় করেছি ৪০০ টাকায়। ঈদের দুই দিন পরে সেই কাঁচা মরিচ বিক্রয় করতে হচ্ছে ৫৫০ টাকায়। তিনি বলেন, বৃষ্টিতে মরিচের দাম বেড়েছে। বৃষ্টির সময় কাঁচা মরিচ দ্রুত পঁচে যায়। এছাড়া গাছে এবার মরিচের ফলনও কম।
ক্রেতা মোহাম্মদ হান্নান, রফিকুল ইসলাম, তফাজ্জল হোসেন, রুবেল মিয়া, তোফায়েল, রাহাত, হৃদয় জানান, কোরবানি ঈদের আগে কাঁচা মরিচের দাম ছিল ৪০০ টাকা। সেই মরিচের দাম এখন দাঁড়িয়েছে প্রতিকেজি ৫৫০ টাকায়। সে জন্য আমরা প্রয়োজনের তাগিদে আড়াইশো গ্রাম (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ক্রয় করেছি। যার মুল্য ১৩০ থেকে ১৫০ টাকা।