রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আব্দুল হাদি (২৩) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকাল ১০ টার পাশ্ববর্তী হোসেনপুর পৌরসভার কোর্ট বিল্ডিং সংলগ্ন মডেল মসজিদের সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত আব্দুল হাদি গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চর শাখঁচুড়া গ্রামের ফরজুল মিয়ার ছেলে। নিহতের চাচা রিপন এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, লাইনম্যান আব্দুল হাদি হোসেনপুর কোর্ট বিল্ডিং সংলগ্ন মডেল মসজিদের পাশে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্ট বাঁধা অবস্থায় খুঁটিতে আটকে যায়। সেখানেই বিদ্যুৎস্পৃষ্টে পুড়তে থাকে তার দেহ। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে হোসেনপুর ও কিশোরগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ওসি মোঃ আসাদুজ্জামান টিটু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।