গফরগাঁওয়ে যুদ্ধাপরাধী মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে যুদ্ধাপরাধী মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলিম উদ্দিন খান (৭৭) কে গ্রেফতার করেছে। গতকাল রোববার (৭ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে পাশ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের তার মেয়ে জামাই বাড়ি থেকে যুদ্ধারপরাধী মোঃ আলিম উদ্দিন খানকে গ্রেফতার করে।

গত ২০১৪ সালে মোঃ আলিম উদ্দিন খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০২১ সালের ২১ ফেব্রয়ারি আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল মো. আলিম উদ্দিন খান সহ গফরগাঁও উপজেলার ৮ জনকে কারাদন্ড দেয়। এই মামলায় আলিম উদ্দিন খানসহ ৫ জনকে ২০ বছর করে কারাদন্ড এবং ৩ জনকে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়।

পলাতক আলিম উদ্দিন খানের বাড়ি উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামে । তাঁর পিতার নাম মৃত আব্দুল গফুর খান।

পুলিশ ও মামলার বাদীর পরিবার সূত্রে জানা গেছে, আলিম উদ্দিন খান ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী ভূমিকায় লিপ্ত ছিলেন। সে তার অন্যান্য সহযোগীদের নেতৃত্বে গফরগাঁও উপজেলার নিগুয়ারি, টাংগাব, দত্তেরবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটনে অংশ গ্রহণ করে।
গত ২০১৪ সালে নিগুয়ারী ইউনিয়নের সাধুয়ার গ্রামে আফাজ উদ্দিন বাদী হয়ে মোঃ আলিম উদ্দিন খান ও তার সহযোগীদের নামে মানবতাবিরোধী মামলা দায়ের করে। পরে ২০১৭ সালের ৬ এপ্রিল ট্রাইবুনাল তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান।

এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, যুদ্ধাপরাধী মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত মোঃ আলিম উদ্দিন খানকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আসামীকে গতকাল রোববার দুপুর আড়াই টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *