ভালুকার অ্যাডভান্স টেক্সটাইল ফ্যাক্টরিতে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

শেয়ার করুন :

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।

মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় অবস্থিত অ্যাডভান্স  কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। সোমবার সকাল থেকে শ্রমিকরা ওই কর্মবিরতি শুরু করে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত অ্যাডভান্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানাটিতে প্রায় ২১০০ শ্রমিক কর্মরত। আজ সোমবার ঘটনার দিন শ্রমিকরা কারখানায় গিয়ে তাদের গত মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন দাবি করে। কারখানা কর্তৃপক্ষ ওই সময় শ্রমিকদেরকে ১৬ এপ্রিল ঈদ বোনাস, ২০ এপ্রিল গত মার্চ মাসের বেতন এবং চলতি মাসে অর্ধেক বেতন সরকার বা বিজিএমই এর নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে দেওয়ার কথা জানায়। কিন্তু শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কথা না মেনে কাজ ছেড়ে দিয়ে কর্মবিরতি পালন শুরু করে।

পরে শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জুনের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজি সাইদুর রহমান মধ্যস্থতায় কর্তৃপক্ষ ১৩ এপ্রিল মার্চ মাসের বেতন ও ২০ এপ্রিল ঈদ বোনাস দিতে সম্মত হলে শ্রমিকরা তাও প্রত্যাখ্যান করে এবং তাদের কর্মসূচি চালিয়ে যেতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা যে যার মতো কারখানা ছেড়ে চলে যায়।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজি সাইদুর রহমান জানান, গত মার্চ মাসের বেতন, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতন দাবিতে অ্যাডভান্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড শান্তিপূর্ণভাবে তাদের কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

এ ব্যাপারে অনেক চেষ্টা করেও কারখানা কারো বক্তব্য পাওয়া যায়নি।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *