মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ বিনম্র শ্রদ্ধায় পালন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে সার্কিট হাউস প্রাঙ্গনে ময়মনসিংহে বঙ্গবন্ধু ম্যূরালে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ৩ শামীমা আক্তার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মসিকের বিভাগ ও শাখা প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরবর্তীতে সকাল ৮ টায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে জয়বাংলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সবাই।
সকাল সাড়ে আটটায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীবৃন্দ দিবসের আলোকে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। আলোচনার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ ও ১৫ আগস্টের কাল রাতে নিহত অন্যান্য শহীদ বৃন্দের আত্মার মাগফেরাত এবং দেশের উন্নয়ন কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা এনামুল হক।
এছাড়াও দিবস উপলক্ষে দিনব্যাপী অন্যান্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।