
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। রবিবার সকালে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। সংসদে আওয়ামীলীগের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
সাহাবুদ্দিন চুপ্পু সাবেক দায়রা জজ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। দায়িত্ব পালন করেছেন দুদকের কমিশনার হিসেবেও।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ওসিসি কাজী হাবিবুল আউয়ালের দফতর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সেখানেই মনোনয়ন ফরম পূরণ করে প্রার্থী এবং প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর সংগ্রহ করা হয়।
এর আগে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশন ভবনে পৌঁছেন ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
নোয়াখালী-৫ আসেনর সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে অন্যদের মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ছিলেন।