গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে রাজধানীর প্রবেশমুখ টঙ্গী ব্রিজে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে রাজধানীতে প্রবেশের সময় যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ তল্লাশি আরো জোরদার করা হয়। এতে পরিবহন থামিয়ে তল্লাশির কারণে ঢাকামুখী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত ১০টায় এ রিপোর্ট পাঠানোর সময় আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। পুলিশের এ তল্লাশির কারণে সাধারণ যাত্রী বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের ভীতসন্ত্রস্ত হতে দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকেই ঢাকামুখী সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা ছিল কম। পুলিশ ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করছে। দূরপাল্লার বাসে তল্লাশি ছাড়াও মহাসড়কের পাশ দিয়ে ঢাকামুখী পথচারীদের কাছেও চাওয়া হচ্ছে পরিচয়পত্র।
একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হাফিজুল ইসলাম টঙ্গী থেকে ঢাকায় যেতে রাইডশেয়ারে মোটরসাইকেলে টঙ্গী বাজার বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশের তল্লাশির মুখে পড়েন। এ সময় কর্তব্যরত পুলিশ তার মোবাইল ফোনের ক্ষুদেবার্তা ও ফোন কলের তালিকা যাচাই করেন। তিনি আক্ষেপ করে বলেন, এটা রীতিমতো একটা হয়রানি। আমি পরিচয় দেওয়ার পরও পুলিশ আমার দেহ তল্লাশি করেছে এবং মোবাইল ফোন নিয়ে মেসেজগুলো দেখেছে।
নেত্রকোনা জেলা থেকে ছেড়ে আসা হযরত শাহজালাল (র.) এক্সপ্রেস বাস দুপুরে আব্দুল্লাহপুর থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। কিছুক্ষণ তল্লাশির পর হাইড্রোলিক হর্ন থাকার অভিযোগে বাসটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বাসটির চালক জানান, বাস নিয়ে ঢাকায় আসায় পুলিশ আমাকে চড়-থাপ্পড় মেরেছে এবং বাসে হাইড্রোলিক হর্ন থাকায় মামলাও দিয়েছে।
এদিকে রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে টঙ্গী ও গাজীপুরে বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। পুলিশের ভয়ে বিএনপি নেতারা আগেই ঢাকার উদ্দেশ্যে বাসা ছেড়েছেন। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গায়েবী অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ৬০ জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। মামলায় জাফরুল ইসলাম অঙ্গন (২৪), মো. রুবায়েত খইয়ম রুমন (২৪) ও মাওলানা জাফর আহমেদ মজুমদারকে (৩৯) গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের মধ্যে মাওলানা জাফর আহমেদ মজুমদার স্বনামধন্য আলহেরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ব্যবসায়িক পার্টনারদের সাথে বিরোধের জেরে ষড়যন্ত্রপূর্বক তাকে জামাত নেতা সাজিয়ে এ মামলায় আসামী করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আদালতে সোপর্দ করার আগে তাকে বিনা বিচারে থানায় দুই দিন আটক রাখা হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা আমিন উদ্দিন জানান, পুলিশ পর পর দুই দিন রাতে তার বাড়িতে তল্লাশির নামে তান্ডব চালিয়েছে। গেটের তালা ভেঙ্গে এবং মই দিয়ে দ্বিতীয় তলার সিঁড়িতে উঠে প্রত্যেক রুমে তল্লাশি চালানো হয়েছে। এসময় পরিবারের নারী ও শিশু সদস্যদের অশালীন ভাসায় গালাগালসহ চরম দুর্ব্যবহার করেছে।
এদিকে বৃহস্পতিবার এক প্রেসব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে গাজীপুর মেট্রোপলিটন কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, বিএনপি রাজধানীতে দশ লাখ লোকের সমাবেশ ঘটানোর ঘোষণা দিয়েছে। এতো লোক তো সমাবেশস্থলে সংকুলান হবে না। সমাবেশের নামে যাতে নাশকতা করতে না পারে তাই আমরা রাজধানীর প্রবেশমুখে তল্লাশি চৌকি বসিয়েছি। এছাড়া গাজীপুরে বসে নাশকতার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যও রয়েছে আমাদের কাছে। তাই তল্লাশি ও অভিযানসহ সম্ভাব্য সব ধরণের প্রস্তুতি রয়েছে আমাদের।
#