গণসমাবেশের লিফলেট বিতরণকালে গাজীপুরে বিএনপি-যুবদলের ৮ নেতাকর্মী গ্রেফতার

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশের লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। বুধবার বিকেল পৌনে তিনটায় গাজীপুর মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের ইছর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাসিবুর রহমান সুমন, গাছা থানা যুবদলের সদস্য এমদাদ খান, সেলিম মিয়া, মো. আনোয়ার হোসেন ও গাছা থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকার তীব্র নিন্দা ও অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় মহানগর বিএনপির সাবেক সভাপতি দলের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম এক বিবৃতিতে বলেন, অবৈধ সরকার মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র হরণ করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু এবার তাদের সেই দিবাস্বপ্ন আর পূরণ হবে না। অবৈধ সরকারের জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট দুঃশাসনে অতিষ্ঠ মানুষ ফুঁসে উঠেছে। গ্রেফতার ধর পাকড় চালিয়ে ১০ ডিসেম্বরের গণজোয়ার ঠেকানো যাবে না।
এদিকে এব্যাপারে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম হোসেন বলেন, লিফলেট নয়, নাশকতার প্রস্তুতিকালে বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *