টঙ্গীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৯ জনকে আটক

শেয়ার করুন :

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে পাকড়াও করেছে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানকালে এ চক্রের কবল থেকে লুণ্ঠিত ৩০টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ ও ১টি সিপিইউ উদ্ধার করা হয়। এসময় ১টি ছুরি ২টি সুইচগিয়ার ও ২টি চাকু আলামত হিসেবে জব্ধ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, জিএমপি গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার অলি মিয়ার বাড়ির ভাড়াটিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সেনবাড়ীর নুরুল হকের ছেলে মারুফ আহম্মেদ(২০), একই এলাকার ভাড়াটিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মাটিকাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে আকাশ ওরফে আক্কাস(১৯), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে পাভেল(১৯), জিএমপি গাছা থানার কুনিয়া পাচর এলাকার হালিম বাদশার ছেলে মিরাজ আহম্মেদ (২৫), টঙ্গী এরশাদ নগর ৩ নং ব্লাকের আবুল কালামের ছেলে আব্দুর রহিম (২৫)। সংঘবদ্ধ এ চক্রের সদস্য ও লুণ্ঠিত মালামালের ক্রেতা জিএমপি গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার হানিফ মুন্সির বাড়ির ভাড়াটিয়া তাজ উদ্দিনের ছেলে তানজিল আহম্মেদ(১৮), একই এলাকার আসলামের বাড়ির ভাড়াটিয়া জামালপুর জেলা সদরের বোয়াল ময়পাল গ্রামের উমল হকের ছেলে সোহেল রানা(৩২), কাশেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার সিমরাই গ্রামের আবুল কাশেমের ছেলে উজ্জল মিয়া(২১), বাচ্চু মিয়ার বাড়ির ভাড়াটিয়া নরসিংদী সদর থানার বাউসিয়া গ্রামের কাবিল মিয়ার ছেলে জিয়াউর রহমান(৩২) গ্রেফতার হয়। এ চক্রের অপর দুই ক্রেতা জিএমপি গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার বায়েজিদ (২৫) ও বাসন থানার চৌধুরী পাড়ার এখলাস (২২) পলাতক রয়েছে।
মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, বুধবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে স্যাটার্ন গার্মেন্ট কারখানার সামনে মহাসড়কে কতিপয় দুস্কৃতিকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ২টায় জিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহবুব-উজ-জামানের তত্ত্বাবধানে এবং টঙ্গী জোনের এসি মো: মেহেদী হাসান দিপুর দিক-নির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ্ আলমের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে প্রথমোক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করা হয়।
সংঘবদ্ধ চক্রটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে এবং বিভিন্ন অলিগলিতে ছিনতাই এবং ডাকাতির ঘটনায় জড়িত বলে প্রেস বিফিংয়ে জানানো হয়। এ চক্রের সাথে সরাসরি জড়িত গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার সাইদুর রহমানের ছেলে বাবু (২১) ও টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার ফাহিম (২১) পলাতক রয়েছে। চক্রটি টঙ্গী পশ্চিম থানার শেষপ্রান্তে গাছা থানার তারগাছ এলাকায় স্থানীয় এক কাউন্সিলরপুত্রের ছত্রছায়ায় আস্তানা গড়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে।
#


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *