রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে নিখোঁজ অটোগাড়ি চালক নাছির উদ্দিনের (৫২) লাশ গফরগাঁও -হোসেনপুর সড়কে খুরশিদ মহল সেতুর পূর্বপার্শ্বে ধান ক্ষেতের পাশে ঝোপ থেকে উদ্ধার করে পাগলা থানা পুলিশ।
থানার জিডি সূত্রে জানা যায়, গত শনিবার আসর নামাজের পর নাছির উদ্দিন তাদের অটোগাড়ি নিয়ে তেতুলিয়ার বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও অটোগাড়ি নিয়ে নাছির উদ্দিন বাড়িতে না আসলে এবং মোবাইল ফোন বন্ধ থাকায় অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে রোববার সকালে ছোট ভাই নূরুল আমিন গফরগাঁও থানায় বিষয়টি নিয়ে জিডি (জিডি নং-১৩৪৩) করেন। পরে গতকাল সোমবার সকালে উপজেলার পাচঁবাগ ইউনিয়নের খুরশিদ মহল সেতুর পূর্ব পার্শ্বে ধান ক্ষেতের পাশে ঝোপে মধ্যে লোকজন লাশের গলায় গামছা বাঁধা দেখতে পায়। খবর পেয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।