রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্য ও ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গফরগাঁও পৌর শহরের শিলাসী গ্রামের মীর আসাদের ছেলে মীর জিহাদ (১৯) ও দুলাল মিয়ার ছেলে শারফুল (১৯), মাদক ব্যবসায়ী রাওনা ইউনিয়নের ছয়বাড়ীয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩০), পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের আকবর আলীর ছেলে ইখলাস উদ্দিন (২৫), সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামের মৃত শহীদ মল্লিকের ছেলে আলামিন মল্লিক (২৬)।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় গফরগাঁও টু হোসেনপুর সড়কে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করে নেওয়ার সময় স্থানীয় জনতা ছিনতাইকারী মীর জিহাদ ও শারফুলকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে দেয়। একই রাতে পুলিশের একটি দল রাওনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফিকুলকে গ্রেফতার করে। পৌর শহরের শিলাসী গ্রাম থেকে অপর অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ ইখলাস উদ্দিনকে ও ভোর রাতে সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রাম থেকে আলামিন মল্লিককে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়াও খারুয়া বড়াইল গ্রামের আঃ কাদিরের ছেলে মোঃ আলিফ ও পাশ্ববর্তী ত্রিশালের বরগাঁও গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ মনির (২৮) কে ওয়ারেন্টমূলে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।