আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নাছরিন নাহার (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা ঘটনায় সুদারো রুবেল স্ত্রী ইলা আক্তার ও ফুফ বকুলীসহ অজ্ঞাত দুই তিনজনের নামে ভালুকা মডেল থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে। ঘটনার রাতেই নিহত গৃহবধূর ছেলে রিফাদ মিয়া বাদি হয়ে ওই মামলাটি করেন।
জানা যায়, ভালুকা উপজেলার ভরাডোবা দুলারভিটা বাইন্নাবাড়ি এলাকার আনিসুজ্জামান সুরুজের ছেলে রিফাদ মিয়া (২৭) প্রতিবেশি হানিছ ফকিরের ছেলে সুদের কারবারী রুবেল ফকিরের কাছ থেকে গত ইউপি নির্বাচনের পূর্বে সপ্তাহে এক হাজার ৫০০ টাকা সুদে ১৫ হাজার টাকা নেন। ইতোমধ্যে সুদের ৩০ হাজার টাকা পরিশোধও করা হয়। তাছাড়া গত সোমবার বিকেলে রুবেলকে আরো ৬০ হাজারা টাকা দেয়ার কথা। কিন্তু টাকার ব্যবস্থা না হওয়ায় সন্ধ্যায় রুবেল তার স্ত্রী ইলা আক্তার, ফুফু বকুলী ও প্রতিবেশি শাহজাহানসহ কতিপয় লোক গৃহবধূ নাছরিন নাহারের সামনে তার ঘরের সব আসবাবপত্র বের করে নেয়। এ সময় বাঁধা দিতে গেলে রুবেল ও তার স্ত্রী ইলা আক্তার গৃহবধূ নাসরিনকে মারধর করে। এতে অপমানিত হয়ে রাগে ও ক্ষোভে পাশের ঘরের আঁড়ার সাথে গলায় উড়না পেঁচিয়ে নাছরিন নাহার আত্মহত্যা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, গৃহবধূ আত্মহত্যা ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই তিনজনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে। তবে এ ঘটনা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।