আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাছের খাদ্যের বস্তায় করে তিনটি ভ্যানে পাঁচারেরর সময় ২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার তামাট বাজারে।
স্থানীয় চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, দুপুরে তিনটি ভ্যানে মাছের খাদ্যের ব্যাগে করে ২৫ বস্তা চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, চালগুলো গাজীপুর নিয়ে যাওয়া হচ্ছে। তবে কার কাছ থেকে চালগুলো আনা হয়েছে এবং গাজীপুর কার কাছে যাবে, তা তারা বলতে পারেনি। আটককৃতরা হলো, ভ্যানচালক আব্দুর রশিদ (৫০), ইমান আলী (৫৫), আসাদুল (৩৮) ও কুদ্দুসকে (৬০) আটক করা হয়। উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি চাল বিক্রি চলছে গত সেপ্টেম্বর মাস থেকে।
ভালুকা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মাসুদ আলম ফরহাদ জানান, গত সেপ্টেম্বর মাস থেকে উপজেলার সর্বত্রই খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। কাচিনা ইউনিয়নে চারজন ডিলার চাল বিক্রি করছেন। চাল আটকের ঘটনাটি তিনিও শুনেছেন। কিন্তু জব্দকৃত চালগুলো সরকারী কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল থেকে সংবাদ মাধ্যমকে জানান, জব্দকৃত ২৫ বস্তা চালসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।