গফরগাঁওয়ে যাত্রী বেশে অটো ছিনতাই, ছিনতাইকারী গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে যাত্রী বেশে অটো রিকশাতে উঠে অটো ছিনতাই করে পালানোর সময় মিয়া হোসেন (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরআলগী ইউনিয়নের কামারেরচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে পাগলা থানাধীন মলমল গ্রাম থেকে পুলিশের উপ-পরিদর্শক মদন সিং এর নেতৃত্বে টহলরত পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করে।
জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে পাশ^বর্তী শ্রীপুর উপজেলার বরকুল বরমী গ্রামের আব্দুল মতিনের ছেলে অটো রিকশা চালক হাতেম আলী (৬০) বরমী বাজারের অটো স্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষমান ছিল। এসময় ছিনতাইকারী মিয়া হোসেন যাত্রী বেশে বোনের অসুস্থতার কথা বলে বোনের বাড়ি গফরগাঁও যাওয়ার জন্য হাতেম আলীর অটো রিকশাটি ভাড়া নিয়ে রওনা করে। পাগলা থানাধীন মীরারটেক গ্রামে নির্জন জায়গায় এসে ছিনতাইকারী মিয়া হোসেন চালক হাতেম আলীকে চুল কাটার কাঁচি দিয়ে ঘাড়ে ও গলায় আঘাত করে অটো রিকশা থেকে ফেলে দিয়ে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত চালক হাতেম আলীর ডাক চিৎকারে এগিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টহলরত পুলিশের একটি দল এসআই মদন সিং এর নেতৃত্বে এলাকাবাসীর সহায়তায় রাত আড়াইটার দিকে মলমল গ্রাম থেকে ছিনতাইকারী মিয়া হোসেনকে গ্রেফতার করে অটো রিকশাটি উদ্ধার করে।
পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত অটো ছিনতাইকারী মিয়া হোসেনকে গতকাল শনিবার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *