মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ নগরীর সানকিপাড়া নয়নমণি মার্কেট সংলগ্ন মাজার শরীফ রোডের একটি ছাত্রাবাস থেকে অমিত কুমার সূত্রধর (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রাবাসের একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
অমিত কুমার জামালপুর জেলার দেওয়ানগঞ্জের জমিরাকান্দা গ্রামের অনিল কুমার সূত্রধর ও সুচিত্রা রানীর বড় ছেলে। তিনি সরকারি আনন্দমোহন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মাস্টার্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, অমিত কুমার ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস ও মাস্টার্স পাশ করেছেন। লেখাপড়া করার সুবাদে সানকিপাড়া এলাকার মাজার শরীফ এলাকার একটি ছাত্রাবাসে বসবাস করতেন। গত শুক্রবার রাত থেকে অমিতের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। পরে বিষয়টি তাদের এক আত্মীয়কে জানায়। ওই আত্মীয় তার ছাত্রবাসে এলে রুমের দরজা বন্ধ পান। এসময় তিনি জানালা দিয়ে অমিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয় জানার চেষ্টা চলছে। তবে প্রেমঘটিত কারণে অমিত আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণ করা হচ্ছে। ঘটনার দিন রাতে তার ফেসবুক টাইমলাইনে করা একটি পোস্টে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
অমিত কুমার সূত্রধর তার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তা হুবুহু তুলে ধরা হলো, শুক্রবার ‘পরাণ’ সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তার ক্যাপশনের তিনি লিখেছেন,
তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন !
-কাজী নজরুল ইসলাম।
তবে কাউকে মন থেকে চাওয়ার আগে #পরাণ এবং #rx100 এই দুইটা মুভি অবশ্যই দেখবেন।
অধিকাংশ ক্ষেত্রেই এটাই বাস্তবতা, আপনার কাছে মনে হতে পারে আপনারটা ভিন্ন। আপনি খুব বেশি ভাগ্যবান না হলে আপনার সাথেও এমন কিছুই ঘটবে।
সে যখন অন্য কারো কাছে চলে যেতে চাইবে তখন চুপচাপ যেতে দিলে আপনি ভালো, আর তাকে ধরে রাখতে চাইলে আপনি হবেন অমানুষ। আপনি আপনি তার কষ্টে চলে যেতে পারেন অন্তিম শয্যায় , তবে তার এক রাতের ঘুমও নষ্ট হবেনা তাতে। আপনার হৃদয়ের প্রচন্ড রক্তক্ষরণ, চোখের অঝোর ধারা তার মনকে বিন্দুমাত্র বিচলিতোও করতে পারবে না। শুধু তিলে তিলে শেষ হয়ে যাবেন আপনি। আর কখনোই এখান থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফেরা হবেনা আপনার।