মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত বসবাস উপযোগী নিরাপদ নগরীতে রুপান্তর করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর শম্ভুগঞ্জ ব্রীজমোড়ে সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযানে ছোটবড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হয়েছে।
ময়মনসিংহ নগরীর প্রবেশ পথ শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ে জেলার তারাকান্দা , ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া, ঈশ্বরগঞ্জ, নান্দাইল উপজেলা সহ শেরপুর নেত্রকোণা,এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন এই ব্রিজ হয়ে ঢাকায় যাওয়া আসা করে, শত শত গাড়ি চাপের মধ্যে ব্রিজের দু’পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলায় প্রতিনিয়ত মানুষদের যানজট ভোগান্তিতে পড়তে হয় । শম্ভুগঞ্জ ব্রীজমোড়ের যানজট নিরসন নাগরিকগণের দীর্ঘদিনের দাবি । ভোগান্তি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে যৌথ উচ্ছেদ অভিযান করা হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ময়মনসিংহ, জেলা পুলিশ ময়মনসিংহ, সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে পরিচালিত হয় এ উচ্ছেদ অভিযান। রাস্তা বেদখলমুক্ত করে প্রশস্ত করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। পুণরায় যেন বেদখল না হয় সেটি নিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিটা মোড়ে মোড়ে অটো কিংবা রিক্সা বা গাড়ি যেন দীর্ঘক্ষণ যাবত দাড়িয়ে থাকতে না পারে সেটি পুলিশ বিভাগকে নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।
প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ, যানজটমুক্ত শহর গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।