রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় নিগুয়ারী ইউনিয়নের কুরচাই এম পি এম উচ্চ বিদ্যালয় (বকুল তলা) মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে স্কুল মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ও পাগলা থানা পুলিশের একদল চৌকস পুলিশ সদস্য বিয়োগলে করুন সুর বাজায় এবং গার্ড অব অনার প্রদান করেন। পরে পারিবারিক গোরস্থানে স্বাধীনতা যুদ্ধের এ বীরসৈনিককে সমাহিত করা হয়।
জানাজায় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন।
গত সোমবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লীতে এশিয়ান ইনস্টিটিউট অব ম্যাডিকেল সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। কিডনিতে অস্ত্রোপাচার করতে গত দেড় মাস আগে তিনি ভারতের হাসপাতালে ভর্তি হন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
গিয়াস উদ্দিন আহমেদ ১৯৫৪ সালের ৯ মে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। গিয়াস উদ্দিন আহমেদ ২০০৮ সালের গফরগাঁও থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রয়াত এই সংসদ সদস্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীনের পর তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৮১ সালে চট্টগ্রাম সেনানিবাসে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা গেলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন এবং কারাভোগ করেন তিনি।