আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় একটি জলাশয় থেকে ভাসমান অবস্থায় মিনহাজ (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ আগস্ট বুধবার দুপুরে উপজেলার বাওয়ারমোড় জলাশয় থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মিনহাজ উপজেলার দক্ষিণ ধীতপুর রাজশাহী পাড়ার মৃত হাবুল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলো। বুধবার দুপুরে উপজেলার বাওয়ারমোড় জলাশয়ে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে বিল থেকে লাশটি উদ্ধার করে। লাশটির সারা শরীর সাদা রংয়ের কাপড়ে ডাকা, নিচে কালো চেক শার্ট ও লঙ্গি এবং উপুর অবস্থায় ভাসছিলো।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটা হত্যা না অন্য কোন কারনে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।