রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে (২য় ধাপ) নির্মিত জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে আজ বুধবার (২০ জুলাই) সকালে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবিদুর রহমান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশের সাথে একযোগে বসতঘর হস্তান্তর করা হবে। আর গফরগাঁও উপজেলায় ১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ বসতঘর হস্তান্তরসহ মোট ৩২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ বসতঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এই জমি ও গৃহে প্রদান কার্যক্রম শেষ হলে যাদের জমি আছে কিন্তু বসতঘর নেই তেমন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করা হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা সমবায় অফিসার মীর মোঃ কাশেম, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।